কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। ভাস্কর্যের একটা নান্দনিক দিক রয়েছে, এটি একটি শিল্প। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে তার স্মৃতিকে ধরে রাখার জন্য। তার আদর্শ ও চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনকাল তিনি এসব কথা বলেন।ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, যারা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো, তারা এখনো তৎপর রয়েছে। তারা এখনো বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও দর্শনকে হত্যা করতে চায়। সেজন্যই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তারা।
প্রসঙ্গত, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত সংস্থা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) ব্যবস্থাপনা ও অর্থায়নে ম্যুরালটি নির্মাণ করা হয়। এর উচ্চতা ১০ ফুট ও প্রস্থ ৮ ফুট। নির্মাণে সময় লেগেছে ৩ মাস এবং ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা।